নির্বাচন নিয়ে টালবাহানা ও ষড়যন্ত্র চলছে: রুমিন ফারহানা
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি -কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, ষড়যন্ত্র শুরু হয়েছে।
অন্তর্র্বতীকালীন সরকার নির্বাচন নিয়ে কখনো বলে ডিসেম্বর কখনো বলে মার্চ। এই সরকার তো কখনো নির্বাচন করেনি। আর নির্বাচন করবেন ও না। তিনি নির্বাচনী রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, জুলাই অভ্যুত্থানের মেন্ডেট নিয়েই তারা এখন পাঁচ বছর থাকতে চায়।
রুমিন ফারহানা বলেন, বিএনপি সবচেয়ে নির্যাতিত দল, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর যে নির্যাতন করা হয়েছে, এরপরেও বিএনপি আওয়ামী লীগ সরকারের পাতানো নির্বাচনে অংশ নেয়নি। তিনি আরও বলেন, বিএনপি জনগণের পালস বুঝে জনগণের রাজনীতি করে।
দিনাজপুরে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা এবং জনসম্প্রিতি কর্মশালায় রুমিন ফারহানা এসব কথা বলেন। ২৪ এপ্রিল ২০২৫ দিনাজপুর শহরের নাজমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় দিনাজপুর জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সাড়ে তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং প্রশিক্ষক অধ্যাপক ডা. মুউদুদ হোসেন পাভেল, এড. শারমিন ফারহানা পুতুলসহ অনেকেই উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় জেলা বিএনপি’র বিভিন্ন উপজেলার থেকে নেতা কর্মী এবং ১১ টি অঙ্গ ইউনিট থেকে নেতা কর্মীরা অংশ নেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































